rh.Md. Rifat HoshenStudent · a continuing journey
A page from my notebook / Poem

শহরের প্রান্তে বসে থাকা সেই ভাঙা রিকশার গল্পটা মনে পড়ে

Reading title taken from the opening line. The complete original post is below.

Make yourself comfortable
শহরের প্রান্তে বসে থাকা সেই ভাঙা রিকশার গল্পটা মনে পড়ে, যার চাকার ভাঁজে লুকিয়ে ছিল কোনো এক দিনের স্বপ্ন। আমি সেই রিকশাওয়ালা হতে পারিনি, যে এক টুকরো রোদ বিক্রি করে কিনে আনবে তোমার মুঠোভরা হাওয়ার গল্প। বাতাসে কেবল আমার দীর্ঘশ্বাসের গন্ধ, হয়তো এটাই ছিল তোমার "আমার" থেকে দূরে চলে যাওয়ার কারণ। তুমি বলেছিলে, "আমার সাঁঝবেলার আকাশটা রঙিন হওয়া চাই।" আর আমি তখনও দাঁড়িয়ে ছিলাম অঙ্ক কষে— একটি রঙিন শাড়ির দামের সাথে মাসের বাজার মেলাবো কীভাবে। আমার চোখের নিচে কালো দাগ জমছিল, কিন্তু রাতের আকাশ কখনও রঙ পায়নি। হয়তো, আমার হিসেবটাই ভুল ছিল। তোমার বয়স তিরিশের ঘরে পা দেবে, আর আমি তখনও খুঁজে ফিরব পকেটের ভেতর পাঁচ টাকার কড়কড়ে নোট— যা দিয়ে কিনে আনবো তোমার হাসির দাম। তোমার ২৫ বছরের শখগুলোকে আমি লুকিয়ে রেখেছিলাম ভাঙা ড্রয়ারে, ভাবছিলাম, ৫০ বছর বয়সে হয়তো সেগুলো একে একে ফিরিয়ে দেবো। কিন্তু তখনও কি তারা শখ থাকবে? না কি পুরোনো গানের মতো, যার কথা ভুলে যাওয়া সহজ? তুমি যে পথে চলে গেলে, সেই পথে পড়ে ছিলো আমার ভাঙা জুতো। আমার পায়ের তলার মাটি এতটাই নরম হয়ে উঠেছিল যে, তোমাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিতে পারিনি। শহরের প্রান্তে বসে থাকা সেই ভাঙা রিকশার গল্পটা মনে পড়ে— যার চাকার ভাঁজে লুকিয়ে ছিল কোনো এক দিনের স্বপ্ন। আমি সেই রিকশাওয়ালা হতে পারিনি— যে এক টুকরো রোদ বিক্রি করে কিনে আনবে তোমার মুঠোভরা হাওয়ার গল্প। বাতাসে কেবল আমার দীর্ঘশ্বাসের গন্ধ; হয়তো এটাই ছিল তোমার "আমার" থেকে দূরে চলে যাওয়ার কারণ। আমার চারপাশে মেঘ জমে— দায়িত্বের মেঘ, পরিবারের মেঘ। তোমার প্রতি ভালোবাসার রোদ সেই মেঘ ভেদ করে আমার হাতে এসে পৌঁছায়নি। আমি হতে পারিনি সেই পাহাড়, যার চূড়ায় দাঁড়িয়ে তুমি বলবে— "এই, দেখ, আমার সবকিছু আছে।" তাই, আমি বলিনি, "চলো বিয়ে করি।" কারণ, আমি জানি— তোমার জীবনের গল্পে আমার চরিত্রটা একটা ভুল বাক্যের মতো, যা কেবলই অসঙ্গতি। আমি ভয় পাইনি তোমাকে হারানোর; আমি ভয় পেয়েছি তোমাকে অসুখী করে তোলার। আজ, আমার টেবিলের ধুলোমাখা খাতায় তোমার ছবি আঁকি না। তোমার কথা ভেবে ভাঙা পেনসিল দিয়ে এখন শুধু দায় আর সময়ের হিসেব রাখি। আমার জীবনের শেষ মাইলফলকে লেখা থাকবে— "সে বাঁচল, কিন্তু বাঁচাতে পারল না।"
About this archived page

From my Facebook writing archive. Individual post link not included.

Original wording, spelling and line breaks retained. Categories and reader notes are editorial additions, outside the original text.

Source date and reading title

Source date: Dec 22, 2024. The displayed date is normalised for readability; no posting time is inferred.

Reading title taken from the opening line. The complete original post is below.

From the archive